আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন

আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে আজ রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে এই অধিবেশন। এর আগে সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

এদিকে জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, আগামী ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ হবে এবং ১৫ জুন বিকেলে সম্পূরক বাজেট পাস হবে। এছাড়া ১৬ জুন থেকে সংসদে বাজেট আলোচনা শুরু হবে।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় সংসদীয় দলের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

চিফ হুইপ জানান, ১৬ জুন থেকে সকাল বিকাল সংসদ অধিবেশন হতে পারে। ৩০ জুনের মধ্যে বাজেট পাস করতেই হবে। এরপর প্রেসিডেন্টের কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হবে। বাজেটের নিয়ম গেজেট হতে হবে রাত ১২টার আগে।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.