মার্কিন হামলার পর তেলের বাজারে অস্থিরতা, বেড়েছে জ্বালানির দাম

ইরানের কৌশলগত বন্দরনগরী বান্দার আব্বাসের একটি সামরিক স্থাপনায় বৃহস্পতিবার ফের মার্কিন হামলার ঘটনায় বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। হামলার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশে হুমকি সৃষ্টি করা ইরানের চারটি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী।

এর জেরে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ২২ ডলারে উঠেছে।

বিশ্লেষকেরা বলছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকা এবং তিন মাসের সংঘাত শেষে আলোচনা চলার মধ্যেই এই হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।
এদিকে চলমান উত্তেজনার কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় বাজারে তেলের দাম বাড়ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর বিরুদ্ধে হামলার হুমকি দিয়েছিল। এরপর থেকেই অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়তে থাকে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.