ঢাকায় ১৩ জুন অনুষ্ঠিত হবে প্রথম বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোববার (২৪ মে) প্রথম বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স ২০২৬ আয়োজন উপলক্ষ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন। আগামী ১৩ জুন ঢাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রায় ৩৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলন যৌথভাবে আয়োজন করছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিডা।

সোমবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দিনব্যাপী এ সম্মেলনে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী ও উপদেষ্টা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধান, বহুপাক্ষিক উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়িক নেতা এবং বেসরকারি খাতের অংশীজনরা অংশগ্রহণ করবেন।

তারা বাংলাদেশের পরিবর্তনশীল বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অগ্রাধিকার বিষয়ে মতবিনিময় করবেন।

সম্মেলনে প্ল্যানারি ও রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে বাণিজ্য ও বিনিয়োগ নীতি, অর্থায়ন ও মূলধন সংস্থান, বাজার প্রবেশাধিকার, শিল্প প্রতিযোগিতা সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সৃজনশীল শিল্প এবং ক্রীড়াখাত বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি নিয়েছে। একইসঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক সক্ষমতা জোরদারের প্রচেষ্টার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.