ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৪ মে) তার এখতিয়ারে তাকে এ পদে নিয়োগ দিয়েছে। বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে বিষয়টি ইসলামী ব্যাংককে জানিয়ে দিয়েছে।

এদিকে নতুন চেয়ারম্যান নিয়োগের আগে আজকেই ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক জুবাইদুর রহমান। বাংলাদেশ ব্যাংকের পরামর্শে তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। তাকে ২০২৫ সালের ২৩ জুলাই ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর পর থেকে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তখন গভর্নর ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।

অন্যদিকে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান খুরশীদ আলম। কিন্তু ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হন। এখন খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, মো: খুরশীদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে স্নাতকোত্তর ও এমবিএ করেন। ১৯৮৮ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, কৃষিঋণ বিভাগ, পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ, সচিব বিভাগসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। খুরশীদ আলম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় জন্মগ্রহণ করেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.