আফতাব অটোমোবাইলসের চেয়ারম্যানসহ ৭ জনকে ১ কোটি ৩৫ লাখ টাকা অর্থদণ্ডের সিদ্ধান্ত বিএসইসির

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ‘আফতাব অটোমোবাইলস লিমিটেড’ ঘোষিত নগদ লভ্যাংশ সম্পূর্ণ পরিশোধে ব্যর্থ হওয়ায় কোম্পানির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (১৯ মে) বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০১৪তম কমিশন সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ‘আফতাব অটোমোবাইলস লিমিটেড’ ৩০ জুন ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু কোম্পানিটি উক্ত মোট ৭ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৪৬৪ টাকার নগদ লভ্যাংশের মধ্যে ৬ কোটি ২৯ লাখ ১৩ হাজার ৮১৪ টাকা ৩৩ পয়সা পরিশোধ করে এবং বাকি ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৪৯ টাকা ৬৭ পয়সা পরিশোধে ব্যর্থ হয়।

কমিশন কর্তৃক আদেশ জারির পরবর্তী ৩০ দিনের মধ্যে উক্ত অপরিশোধিত নগদ লভ্যাংশ পরিশোধ করতে হবে মর্মে আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখিত সময়ে অবণ্টিত লভ্যাংশ বণ্টনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের উক্ত সময় অতিবাহিত হওয়ার পরবর্তী ৭ দিনের মধ্যে অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ক্রমিক অনুযায়ী দণ্ডিত ব্যক্তিরা হলেন— চেয়ারম্যান শফিউল ইসলাম ৩০ লাখ টাকা, পরিচালক খালেদা ইসলাম ২০ লাখ টাকা, পরিচালক সাজেদুল ইসলাম ২০ লাখ টাকা, পরিচালক ফারহানা ইসলাম ২০ লাখ টাকা, ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ৩০ লাখ টাকা, তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ১০ লাখ টাকা এবং তৎকালীন কোম্পানি সেক্রেটারি ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

উল্লেখ্য, উক্ত অর্থদণ্ড দণ্ডিত ব্যক্তিদের ব্যক্তিগত দায় হিসেবে পরিশোধের এবং নির্ধারিত সময়ে অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতায় প্রতিদিনের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করারও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া উক্ত অর্থদণ্ডের ফলে অবণ্টিত লভ্যাংশ পরিশোধের দায় হতে কোম্পানি অব্যাহতি পাবে না বলেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.