মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ। বৈরি আবহাওয়া উপেক্ষা করে মাবেশে দলে দলে যোগ দিতে শুরু করেছেন নেতা-কর্মীরা। শুক্রবার (০১ মে) বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে এই মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন।
প্রধানমন্ত্রীর আসার কারণে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
বিএনপির কার্যালয়ের সামনে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। বিছানো হয়েছে লাল কার্পেট। উত্তরমুখী এই মঞ্চের দুই দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের প্রতিকৃতি রয়েছে।
আয়োজকেরা জানান, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশে লাগানো হয়েছে দেড় শতাধিক মাইক।
দেশে ফেরার পরে এই প্রথম শ্রমিক সমাবেশে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত বছর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বক্তব্য রেখেছিলেন।
শ্রমিক সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়া পল্টনে বিএনপির সমাবেশস্থলে আসছেন। লাল টুপি মাথায় হাজারো নেতা-কর্মী করতালি আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছেন পুরা এলাকা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.