ইরান যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর মধ্যেও দেশটির সঙ্গে যুদ্ধের অবসানে শিগগিরই একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন তিনি।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এবিসি নিউজের সাংবাদিক জোনাথন কার্ল লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছেন, তবে তিনি এখনও বিশ্বাস করেন একটি শান্তি চুক্তি সম্ভব।
কার্ল আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট তাকে জানিয়েছেন, এই চুক্তি হবেই—সহজভাবে হোক বা কঠিনভাবে।
ট্রুথ সোশালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, তার প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে যাচ্ছেন এবং তারা আগামী সোমবার সন্ধ্যায় সেখানে পৌঁছাবেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত ন্যায্য ও যুক্তিসঙ্গত একটি প্রস্তাব দিচ্ছে এবং আশা করা হচ্ছে ইরান তা গ্রহণ করবে। অন্যথায় যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে ‘ভদ্র আচরণের দিন শেষ’ বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, এসব স্থাপনা খুব দ্রুত এবং সহজেই ধ্বংস করা সম্ভব।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.