সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ, ২ দিনে বিএনপির বিক্রি ১০২৫টি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করে সাবেক ছাত্রদল নেত্রী ও প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে চান তিনি। অতীতের আন্দোলন-সংগ্রামে নিজের ভূমিকা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে দল তাকে সেই সুযোগ দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বীথিকা বিনতে হোসাইন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার বড় সন্তান।

তিনি বলেন, আমি বিশ্বাস করি এবারের ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি আন্দোলন-সংগ্রামে ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করবে। পাশাপাশি মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গুরুত্ব দেবে। বিবেচিত প্রার্থীরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভূমিকা রাখবেন। আমিও সেই প্রক্রিয়ার একজন সহযোগী হতে চাই।

প্রয়াত স্বামী শফিউল বারী বাবুর স্মৃতিচারণ করে বীথিকা বলেন, তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। প্রতিটি আন্দোলনে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন।

তিনি আরও বলেন, বাবু একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতেন—যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং পছন্দমতো ভোট দিতে পারবে। সেই লক্ষ্যে তিনি খালেদা জিয়ার ডাকে আন্দোলনে সক্রিয় ছিলেন। কিন্তু ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যাওয়ার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তার রেখে যাওয়া স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই।

এদিকে, শুক্রবার থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। এ কার্যক্রমের উদ্বোধন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবীর রিজভী। প্রথম দিনেই ৫৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, গত ২ দিনে বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এর আগে, গত বুধবার সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং তা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

ইসি জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন বণ্টনে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলিয়ে পাবে একটি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.