সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) ভোরে ধবলগুড়ি বিওপির সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন উপজেলার ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম বলেন, বিএসএফের সঙ্গে আমাদের কথা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে ভারতের হাসপাতালে রয়েছে। এ ঘটনায় সীমান্তে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রস্তুতি চলছে।

এর আগে, ৬ এপ্রিল ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে মো. মিজানুর রহমান নামে বাংলাদেশি এক যুবক আহত হন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ বুধবার ভোরে ফের গুলির ঘটনা ঘটলো।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.