সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে বলে জানা গেছে।

আটকের পর শিরীন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এ ব্যাপারে ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।

রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন শিরীন শারমিন। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন।

২০১৩ সালের ৩০ এপ্রিল শিরীন শারমিন চৌধুরী প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর থেকে টানা চারবার তিনি এই দায়িত্বে ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন তিনি। ওই বছরের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি শপথ নেন সংসদ সদস্যরা। ওই দিনই আওয়ামী লীগ তাদের বৈঠকে স্পিকার পদে শিরীন শারমিন চৌধুরীকে নির্বাচিত করে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.