নিজের গুম হওয়ার ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন বরাবর অভিযোগ দিয়েছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন।
সোমবার (৬ এপ্রিল) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে তিনি এ অভিযোগ জমা দেন। অভিযোগে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও অভিযুক্ত করা হয়েছে। তবে বাকি সবার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
পরে মশিউর রহমান সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি গুমের শিকার হন। ওই দিন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংকক যাওয়ার পথে সাদা পোশাকের পুলিশ তাকে নিয়ে যায়। হাতে হাতকড়া ও চোখে ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় তাকে ছয় মাস আটকে রাখা হয়। একই বছরের ২৩ আগস্ট ডিবি হেফাজতে গারদে নেওয়া হয়। এর দু-একদিন পর আদালতে তুলে দুই দফা রিমান্ড শেষে প্রায় দুই বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। এরপর উচ্চ আদালতের জামিনে বের হয়ে আসেন তিনি।
তিনি আরও বলেন, আমাকে টানা ছয় মাস অমানুষিক নির্যাতন করা হয়েছে। আমি এখন হাঁটতে পারছি না। এক সময় প্রতিদিন পাঁচ মাইল দৌড়াতাম, খেলাধুলা করতাম। এখন আমি অন্যের ওপর নির্ভরশীল। চিকিৎসার প্রয়োজনে এখন লন্ডনে থাকতে হচ্ছে। কারণ আমার দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। তদন্তের স্বার্থে আসামিদের নাম এখনই পরিষ্কার করতে পারছি না। এরই মধ্যে অনেকে দেশ থেকে পালিয়ে গেছেন। আর যারা আছেন, নাম প্রকাশিত হলে তারাও হয়তো পালিয়ে যাবেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.