প্রশ্নফাঁস কাণ্ডে ড্রাইভার আবেদ আলীসহ ৪ জনের বিও হিসাব অবরুদ্ধ

প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবনসহ চারজনের পাঁচটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (৫ এপ্রিল) সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। অন্য আসামিরা হলেন- আবু সোলাইমান মো. সোহেল, জাহাঙ্গীর আলম ও মো. মাহবুবুর রহমান।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সিআইডির সাইবার ইনভেস্টিগেশনস এন্ড অপারেশনের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সুমন কুমার সাহা এই আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, অনুসন্ধানে জানা গেছে, মামলার আসামিরা সংঘবদ্ধ অপরাধী দলের সদস্য। সৈয়দ আবেদ আলী প্রশ্নফাঁসকারী চক্রের মূলহোতা। এই চক্র ২০০৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে এবং এতে অবৈধভাবে বিপুল অর্থ উপার্জন করেছে। সেই অর্থ দিয়ে তারা স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

মানিলন্ডারিং সংক্রান্ত অনুসন্ধান সুষ্ঠু করতে এবং ন্যায়বিচারের স্বার্থে এসব বিও একাউন্টের শেয়ার মানিলন্ডারিং আইন, ২০১২-এর ধারা ১৪(১) অনুযায়ী অবরুদ্ধ করা প্রয়োজন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.