দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি

দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বেড়েছে দাম। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি বেড়ে দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় উঠেছে। আগের দিন এই দাম ছিল দুই লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

সংগঠনটি জানায়, তেজাবি পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে।

নির্ধারিত দামে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের কারণে চলতি মাসের শুরু থেকে বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী ছিল। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বর্তমানে ৪ হাজার ৫৬১ ডলারে পৌঁছেছে।

এর আগে ৩০ জানুয়ারি সোনার দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি ৫ হাজার ৫৫০ ডলারে উঠেছিল।

গত মাসের শেষ দিকে বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে দেশের বাজারেও রেকর্ড বৃদ্ধি দেখা যায়। ২৯ জানুয়ারি ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়, এতে ভালো মানের সোনার ভরি ২ লাখ ৮৬ হাজার টাকায় ওঠে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.