পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের বাজারে আরেক দফা কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে ২ লাখ ৬৪ হাজার ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকেই সারা দেশে এই নতুন দাম কার্যকর হয়েছে। বাজুস সূত্র নিশ্চিত করেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা। উল্লেখ্য, চলতি বছর এখন পর্যন্ত ৪৪ বার সোনার দাম পরিবর্তন করা হলো, যার মধ্যে ১৮ বার দাম কমানো হয়েছে।
সোনার পাশাপাশি এবার রুপার দামও ক্রেতাদের স্বস্তি দিচ্ছে। ভরিতে ২৯২ টাকা কমে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এখন ৬ হাজার ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ঈদের ঠিক আগ মুহূর্তে মূল্যবান এই দুই ধাতুর দাম কমায় সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.