পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের কর্মস্থলে ফেরার সুবিধার্থে ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে বিক্রি করা হচ্ছে আগামী ২৪ মার্চের ট্রেনের আসনের টিকিট।
যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। টিকিট বিক্রির চাপ সামলাতে আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট উন্মুক্ত করা হয়েছে এবং দুপুর ২টা থেকে শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি। একজন যাত্রী তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন।
রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৪ মার্চ পাওয়া যাবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ পাওয়া যাবে ২৯ মার্চের ফিরতি টিকিট। এছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটও বিক্রি করা হবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদযাত্রার অগ্রিম টিকিট রিফান্ড বা ফেরত দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তবে সাধারণ যাত্রীদের সুবিধার্থে নন-এসি কোচের মোট আসনের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার’ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.