কমিউনিটি ব্যাংকের ২ সুতা কারখানায় ৬৫০ কোটি টাকা জোটবদ্ধ অর্থায়ন

দুটি সুতা কারখানায় ৬৫০ কোটি টাকা জোটবদ্ধ অর্থায়ন করছে কমিউনিটি ব্যাংক। এ অর্থায়ন আর এ স্পিনিং মিলস ও আউটপেস স্পিনিং মিলস নামের এই দুই কারখানার জন্য কমিউনিটি ব্যাংকের নেতৃত্বে কয়েকটি ব্যাংকের মধ্যে সিন্ডিকেট বা জোটবদ্ধভাবে করা হবে। এই অর্থ কারখানা দুটি আধুনিকীকরণ, পুনর্বাসন এবং সম্প্রসারণ বা বিএমআরইয়ের পাশাপাশি চলতি মূলধন হিসেবে ব্যবহার করবে।

সম্প্রতি কারখানামালিক ও কমিউনিটি ব্যাংকের মধ্যে এ বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে রাজধানীতে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং আর এ স্পিনিং মিলস ও আউটপেস স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক রাজীব হায়দার চুক্তিতে স্বাক্ষর করেন।

জানা গেছে, কারখানা দুটি এতদিন একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা এক্সিম ব্যাংকের গ্রাহক ছিল। তবে আর্থিক সমস্যার কারণে এক্সিম ব্যাংক এখন প্রতিষ্ঠান দুটিকে অর্থায়ন করতে পারছে না। এমন পরিস্থিতিতে এগিয়ে এসেছে কমিউনিটি ব্যাংক। কারখানা দুটির পক্ষে ব্যাংকগুলো থেকে অর্থ সংগ্রহে নেতৃত্ব দেবে ব্যাংকটি। জোটবদ্ধ এই অর্থায়নের জন্য বিভিন্ন ব্যাংকে প্রস্তাব দেবে কমিউনিটি ব্যাংক।

কমিউনিটি ব্যাংক জানায়, এই অর্থায়ন আর এ স্পিনিং মিলস ও আউটপেস স্পিনিং মিলসের ব্যবসা সম্প্রসারণ এবং বিদ্যমান কার্যক্রম বাড়াতে সহায়তা করবে। প্রতিষ্ঠান দুটি অত্যাধুনিক ইউরোপীয় উৎপাদন যন্ত্রপাতি, জ্বালানি সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা এবং টেকসই উৎপাদন মানদণ্ড অনুসরণ করছে। পরিবেশবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠান দুটি বাংলাদেশ ব্যাংকের টেকসই অর্থায়ন সুবিধাও গ্রহণ করেছে।

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠান দুটি সুতা উৎপাদনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও পশ্চিম আফ্রিকা থেকে আমদানি করা উচ্চ মানের কাঁচা তুলা ব্যবহার করছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.