দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাহকদের মাঝে চেকবই ও ডেবিট কার্ড বিতরণ প্রাইম ব্যাংক

একটি বাধাহীন ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে প্রাইম ব্যাংক পিএলসি. সাভারে ‘এক্সেস টু এমপাওয়ারমেন্ট: অ্যাডভান্সিং ব্যাংকিং ফর পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ’ শীর্ষক একটি বিশেষ সেশনের আয়োজন করেছে। স্থানীয় সংগঠন টিম ইনক্লুশন বাংলাদেশ এর আয়োজনে প্রাইম ব্যাংকের এই আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (১১ মার্চ) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাহকদের মাঝে চেকবই ও ডেবিট কার্ড বিতরণ করা হয়, যা তাদের স্বাধীনভাবে আর্থিক লেনদেনের সুযোগ করে দেবে। এছাড়া, বিভিন্ন শারীরিক চ্যালেঞ্জের সম্মুখীন ব্যক্তিদের জন্য তাৎক্ষণিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান করা হয়েছে, যা তাদের মূলধারার অর্থনীতিতে সম্পৃক্ত করতে সহায়ক হবে।

প্রাইম ব্যাংক পিএলসি.-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান বলেন, “অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং কোনো বিকল্প নয়, বরং এটি একটি দায়িত্ব। সবার জন্য ব্যাংকিং সেবা সহজলভ্য করতে আমরা আমাদের সেবাগুলো নতুনভাবে সাজাচ্ছি। প্রাইম ব্যাংক কনজ্যুমার ও এসএমই ব্যাংকিংয়ের ওপর ব্রেইল পদ্ধতিতে আর্থিক সাক্ষরতা বই প্রকাশ করেছে, যা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিতরণ করা হচ্ছে। আমাদের নতুন ও রিনোভেশনকৃত শাখাগুলোতে হুইলচেয়ার ফ্রেন্ডলি ক্যাশ সার্ভিস কাউন্টার স্থাপনের উদ্যোগ ইতিমধ্যে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এছাড়া, শ্রবণ ও বাকপ্রতিবন্ধী গ্রাহকদের জন্য চালু করা ‘সাইন ল্যাঙ্গুয়েজ ভিডিও কল সার্ভিস’ গত বছর ন্যাশনাল ফিনটেক অ্যাওয়ার্ড অর্জন করেছে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব কনজ্যুমার প্রোটেকশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি কাজী রেশাদ মাহবুব এবং হেমায়েতপুর শাখার প্রধান মো. সাখাওয়াত হোসেন।

টিম ইনক্লুশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, “আর্থিক সাক্ষরতা, প্রযুক্তি এবং সহজলভ্য অবকাঠামোর সমন্বয়ে প্রাইম ব্যাংকের এই অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি ব্যাংকিং খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড স্থাপন করেছে।” তিনি ভবিষ্যতেও প্রাইম ব্যাংকের সঙ্গে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রাইম ব্যাংক পিএলসি. দেশের সকল নাগরিকের জন্য আনুষ্ঠানিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি নির্দেশিকা অনুযায়ী কাজ করে যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো, উদ্ভাবনী সমাধান এবং আর্থিক সাক্ষরতা কর্মসূচির মাধ্যমে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে সেবার আওতায় আনতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.