এবারের ঈদযাত্রায় যাত্রীদের এক টাকাও বাড়তি খরচ হবে না বলে আশ্বস্ত করেছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এবারের ঈদযাত্রায় একটি টাকাও ভাড়া বাড়বে না। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে ওই পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে ঈদে সড়ক, রেল ও নৌপথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মন্ত্রণালয়ে প্রস্তুতি সভা শেষে তিনি এসব কথা বলেন।
কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, ঈদযাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, এ বিষয়ে পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর রয়েছে।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, আগামী কয়েক দিনের মধ্যে দুই থেকে তিন কোটি মানুষ ঢাকা ছাড়বে। পৃথিবী এটিই একমাত্র দেশ, যেখান থেকে একসঙ্গে এত মানুষ একটি নগর ছেড়ে যায়। এটার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। এবারের যাত্রা আগের যেকোনো সময়ের তুলনায় স্বস্তির হবে। সড়কে কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না। এখানে মনিটরিং করার দরকার, সেটা আছে। ভ্রাম্যমাণ আদালত আছে, হাইওয়ে পুলিশ তৎপর। স্থানীয় প্রশাসন, বিশেষ করে সড়ক-মহাসড়ক যে সমস্ত থানা ও জেলার অধীনে, তারাও সক্রিয়। পরিবহন শ্রমিক নেতারা যারা আছেন তারাও এ ব্যাপারে তৎপর আছেন। তারাও নিজেরা দায়িত্ব নিয়েছেন, কোনো অবস্থাতেই কোনো ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.