ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। এমন জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। শুভেচ্ছা বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীও।
সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে দেওয়া পোস্টে আসিফ আলি জারদারির পক্ষ থেকে লেখা হয়েছে, বিএনপির ভূমিধস বিজয়ে তারেক রহমান এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট। পাকিস্তান গণতান্ত্রিক অংশীদারত্ব এবং ভবিষ্যতে যৌথ অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে।
অপরদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এক্সে দেওয়া পোস্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার তিনি লিখেন, ‘সফলভাবে নির্বাচন সম্পন্ন করায় আমি বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, তিনি নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান।
প্রায় দুই দশক পর বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলটিকে এবারই প্রথম নির্বাচনী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেও প্রথমবারের মতো প্রার্থী হয়ে জয় লাভ করেছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.