ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশের নাগরিকদের মধ্যে নির্বাচন নিয়ে ইতিবাচক আগ্রহ দেখার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। তিনি বলেন, আজ দুপুর পর্যন্ত আমরা বাংলাদেশের নাগরিকদের মধ্যে নির্বাচন নিয়ে ইতিবাচক আগ্রহ দেখেছি।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইভার্স ইজাবস বলেন, আমরা সবাই আশা করি, বাংলাদেশে একটি সুষ্ঠু, সর্বোচ্চ অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশজুড়ে ভোট গণনা প্রক্রিয়া পর্যন্ত তারা পর্যবেক্ষণ চালিয়ে যাবেন বলেও জানান।
তারা শুধু নির্বাচন পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি আরও বলেন, মিশন ১৪ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে। মিশন সম্পূর্ণ নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
মিশনের পর্যবেক্ষকরা দেশের বিভিন্ন স্থানে তথ্য সংগ্রহ করছেন জানিয়ে ইভার্স ইজাবস বলেন, ইতোমধ্যেই বিশ্বাসযোগ্য একটি পর্যবেক্ষণ প্রতিবেদন প্রস্তুত করার জন্য তথ্য সংগ্রহ শুরু করেছে মিশনের সদস্যরা।
ইউরোপীয় ইউনিয়ন মোট ২০০ জন নির্বাচনী পর্যবেক্ষক পাঠিয়েছে, এর মধ্যে ৯০ জন সংক্ষিপ্তকালীন পর্যবেক্ষক। এটাই ২০০৮ সালের পর বাংলাদেশে পূর্ণাঙ্গ ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.