মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে একাধিক ককটেল বিস্ফোরণ

নির্বাচন ও গণভোট ঘিরে মুন্সিগঞ্জের একটি ভোট কেন্দ্রের পাশে পর-পর বেশকয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ভোটকেন্দ্রের আশেপাশে বিভিন্ন এলাকায়।  আতঙ্ক দেখা দেয় স্থানীয় ভোটারদের মাঝে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা মোল্লাকান্দি ইউনিয়নের মাকাহাটি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে একটি ফাঁকা মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর স্বাভাবিক হয় ভোট কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটা থেকে ভোটকেন্দ্রটিতে ভোটগ্রহণ শুরু হয়, চলছিল শান্তিপূর্ণ ভোট। তবে সকাল সাড়ে দশটার দিকে ভোটকেন্দ্রের অদূরের মাঠে কয়েক দফায় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এ সময় কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটারদের মাঝে, তবে ভোট কেন্দ্রের ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থলের পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণ নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে কেন্দ্রটিতে; তবে সিসিটিভি ফুটেজ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.