আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন। একই সঙ্গে বগুড়ায় দ্রুত অভ্যন্তরীণ বিমানবন্দর চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক সিদ্ধান্ত ও নির্দেশনা পাওয়া গেছে বলে জানিয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
গতকাল বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, আন্তর্জাতিক বিমানবন্দর চালু সময়সাপেক্ষ হওয়ায় আপাতত অভ্যন্তরীণ ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়ে বেসরকারি বিমান সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। রানওয়ে সম্প্রসারণ ও টার্মিনালসংক্রান্ত প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে বিমানবন্দরটি চালু করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রেজাউল করিম বাদশা জানান, বগুড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য শহরের পূর্ব দিকে তিনটি স্থান বিবেচনা করা হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বিবেচনায় প্রধানমন্ত্রী যে স্থান অনুমোদন করবেন, সেখানেই বিশ্ববিদ্যালয়ের মূল কার্যক্রম শুরু হবে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, মোকামতলায় ঘোষিত পৌরসভা উদ্বোধন, করতোয়া নদী খননকাজ পরিদর্শন এবং জনসভায় অংশ নেওয়ার কর্মসূচি থাকতে পারে। দিনের শেষে মাগরিবের পর শহীদ টিটু মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক শাখা ও একাডেমিক ভবন নির্মাণের জন্য পুরাতন সিও অফিস এলাকায় জায়গা প্রায় চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক শাখা স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও জমি পরিদর্শনে আগামী ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বগুড়ায় আসবেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.