তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড আজ

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেঁকে বসতে শুরু করেছে শীত। ক্রমেই কমছে তাপমাত্রা। রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

তবে সকালে তাপমাত্রা কম থাকলেও দিনের বেলায় শীতের তীব্রতা তেমন অনুভূত হচ্ছে না। সকালেই সূর্যের দেখা মিলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে রোদ ছড়িয়ে পড়ছে চারদিকে, বাড়ছে দিনের উষ্ণতা। অন্যদিকে সন্ধ্যা নামার পর থেকেই বদলে যাচ্ছে আবহাওয়ার চিত্র। রাতভর এবং ভোর পর্যন্ত বয়ে চলা পাহাড়ি ঠান্ডা বাতাসে অনুভূত হচ্ছে শীতের আমেজ। বিশেষ করে ভোরের দিকে শীতের অনুভূতি বাড়ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। তবে রোববার তাপমাত্রা আরও কমে ১১ ডিগ্রিতে নেমে এসেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।

তিনি আরও জানান, আকাশে জলীয়বাষ্পের উপস্থিতি থাকায় সকালে কুয়াশার পরিমাণ কম ছিল। তবে এর মধ্যেও তাপমাত্রা কমেছে। আগামী ডিসেম্বর মাসে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। ফলে সামনের দিনগুলোতে শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে শনিবার (২৮ নভেম্বর) পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.