কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ নাশকতা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার পর মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারসংলগ্ন ট্রেনিং সেন্টার কালীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হঠাৎ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো এবং গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও মহাসড়কে অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে পুলিশ এবং বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের শক্ত অবস্থানের মুখে অবরোধকারীরা সেখান থেকে সরে যান। তবে যাওয়ার সময় সড়কের মাঝখানে একটি কাভার্ডভ্যান রেখে যাওয়ায় ঢাকামুখী লেনে যান চলাচল তীব্রভাবে বিঘ্নিত হয়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ ও বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.