পারস্য উপসাগরীয় সব দেশের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা সম্পর্ক রয়েছে বলে দাবি করেছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জাসিম আল থানি।
তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, কাতারের সাবেক প্রধানমন্ত্রী পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলি সরকারের গোপন ও প্রকাশ্য সম্পর্কের কথা উল্লেখ করে বলেছেন, উত্তেজনা বৃদ্ধির পর মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে তেল আবিব।
একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, বিভিন্ন চুক্তি স্বাক্ষরের আগেই কাতার ছিল প্রথম দিকের দেশগুলোর অন্যতম, যারা ইসরায়েলের একটি বাণিজ্যিক কার্যালয় চালু করেছিল। তবে গাজা যুদ্ধের পর ওই কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। অতীত থেকেই ইসরায়েলের সঙ্গে পারস্য উপসাগরীয় সব দেশের যোগাযোগ রয়েছে, বিশেষ করে নিরাপত্তা পর্যায়ে। এটি কোনো গোপন বিষয় নয়।
কাতারের সাবেক এই প্রধানমন্ত্রী উল্লেখ করেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমিত হওয়ার পরবর্তী পর্যায়ে ইসরায়েলের লক্ষ্য হলো এই অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ গ্রহণ এবং তা নিজেদের মতো করে সাজানো। তবে এই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.