শ্রমিক অসন্তোষ ও উৎপাদন বিঘ্নের প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয়াদেশ হারানোর চাপে পড়েছে দেশের তৈরি পোশাকশিল্প। টানা চার সপ্তাহের অস্থিরতা, বাড়তি উৎপাদন ব্যয় এবং সময়মতো পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো। নভেম্বরের প্রথম ১৮ দিনেই প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ অন্য দেশে স্থানান্তরিত হয়েছে। এসব ক্রয়াদেশের বড় অংশ পেয়েছে ভারত।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে তিনজন কারখানা মালিকের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওর মতো ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়েছে। শ্রমিক আন্দোলনের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বিদেশি ক্রেতারা। ফলে তারা বিকল্প উৎপাদনকেন্দ্রের দিকে ঝুঁকেছেন। ভারত ছাড়াও ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার কারখানায় ক্রয়াদেশ যাচ্ছে।
বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। কিন্তু মজুরি বৃদ্ধি, জ্বালানি সংকট ও রাজনৈতিক অনিশ্চয়তায় এ খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা চাপে পড়েছে। বিজিএমইএর হিসাব অনুযায়ী, চার সপ্তাহের শ্রমিক অসন্তোষে কারখানাগুলোর উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলার ছাড়িয়েছে।
পরিস্থিতি সামাল দিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মজুরি বৃদ্ধির পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় আরও বাড়বে বলে রয়টার্সকে জানিয়েছেন বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী।
তিনি বলেন, ক্রেতারা এখন পণ্যের দামের চেয়ে নির্ধারিত সময়ে সরবরাহ পাওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তার দাবি, বাংলাদেশের তুলনায় ভারতের কারখানাগুলো প্রায় এক সপ্তাহ আগে এবং ভিয়েতনাম ও কম্বোডিয়ার কারখানাগুলো ১৫ দিনের কম সময়ে পণ্য সরবরাহ করতে পারে।
এদিকে টানা অস্থিরতায় ঢাকার আশপাশের কারখানাগুলো ২০ থেকে ২৫ দিনের উৎপাদন সময় হারিয়েছে। আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম রয়টার্সকে জানান, ১ নভেম্বর থেকে তার অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। কিছু অর্ডার অন্য দেশে সরিয়ে নেওয়া, স্থগিত ও বাতিল করা হয়েছে। এতে ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.