যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে প্রতি বছর স্পেসএক্সের একটি করে শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। তাঁর এই ঘোষণার পর রাতারাতি লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ছুটির দিনে বিকল্প লেনদেন প্ল্যাটফর্ম ব্লু ওশান এটিএসে স্পেসএক্সের শেয়ারের দাম ৭ শতাংশের বেশি বেড়ে যায়। পরে প্রি-মার্কেট লেনদেনে শেয়ারটির দাম প্রায় ৪ শতাংশ বেশি ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে প্রতিবছর স্পেসএক্সের একটি করে অতিরিক্ত শেয়ার দান করবেন তিনি।
এর আগে বুধবার স্পেসএক্স ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্রের শিশুদের জন্য চালু করা ‘ট্রাম্প অ্যাকাউন্টে’ কোম্পানির ক্লাস এ শ্রেণির একটি করে শেয়ার দেওয়া হবে। মাস্কও ব্যক্তিগতভাবে একই পরিমাণ শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
মাস্ক জানান, স্পেসএক্সের পক্ষ থেকে আগামী মাসে শেয়ার হস্তান্তর করা হবে। তবে তাঁর ব্যক্তিগত অনুদানের শেয়ার হস্তান্তর করা হবে আগামী বছরের জুনে লকআপ মেয়াদ শেষ হওয়ার পর।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, গত অক্টোবর পর্যন্ত প্রায় ৭ কোটি ট্রাম্প অ্যাকাউন্ট খোলা হয়েছে। চলতি বছরের জুলাইয়ে কর্মসূচিটি চালুর পর থেকে পরিবার ও বন্ধুদের কাছ থেকে এসব অ্যাকাউন্টে ১০০ কোটি ডলারের বেশি জমা পড়েছে। সব উৎস মিলিয়ে মোট জমার পরিমাণ ছাড়িয়েছে ৯০০ কোটি ডলার।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে বড় ধরনের দরপতনের পর প্রযুক্তি খাতের শেয়ারগুলোতেও ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা গেছে। প্রি-মার্কেট লেনদেনে এনভিডিয়া, ইন্টেল, মার্ভেল ও মাইক্রনের শেয়ারের দামও বেড়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.