পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার, ড্রোন ও এটিভি নিয়ে টহল বিজিবির

পঞ্চগড় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় দিন-রাত টহলের পাশাপাশি নজরদারিতে ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরা, বিশেষ ড্রোন ও অল-টেরেইন ভেহিকল (এটিভি)।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এ বিশেষ নজরদারি কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানোর পাশাপাশি আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন। দুর্গম এলাকাগুলোতে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এটিভির মাধ্যমে।

এ ছাড়া সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে বিভিন্ন এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভা করা হচ্ছে। এসব প্রচারণায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ সীমান্তসংক্রান্ত অপরাধের বিষয়ে স্থানীয়দের সতর্ক ও সচেতন করা হচ্ছে।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বাসসকে বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সীমান্তবর্তী এলাকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে।

তিনি জানান, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.