বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। তবে তাঁর প্রত্যাবর্তনের পথ কী হবে, তা এখনো অনিশ্চিত। এ পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নতুন করে চাপে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাঁর মুখপাত্র সায়েদ মোজাম্মেল আলী জানিয়েছেন, দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে বিমান পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি। তবে ঢাকা এ প্রস্তাবে সম্মতি দেয়নি।
হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন বিবিসিকে জানিয়েছেন, বিমান বা বাণিজ্যিক ফ্লাইটে ফেরার ব্যবস্থা না হলে স্থলসীমান্ত দিয়ে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত সাবেক প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ভারত-বাংলাদেশ সীমান্তের অন্তত নয়টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন দলীয় সমর্থকেরা। তাঁকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক মানুষ জড়ো করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
তবে বাংলাদেশের সরকার হাসিনার প্রত্যাবর্তনকে সাধারণ যাত্রা হিসেবে দেখছে না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁকে দেশে ফিরতে হলে ভারতের মাধ্যমে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আসতে হবে এবং দেশে ফিরলে গ্রেপ্তার করা হবে। ২০২৪ সালের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছর অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন।
হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার সময় দেশে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন। দলটির নেতাদের বিরুদ্ধে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ উঠেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত দেশে ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গার ঘটনা ঘটেছে। চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।
এদিকে হাসিনার প্রত্যাবর্তন ঘিরে ভারতের অবস্থানও জটিল হয়ে উঠেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হচ্ছে। তবে স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি আলাদা। একসময় হাসিনা সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তাঁর ক্ষমতাচ্যুতির পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, হাসিনার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের সরকারের ওপর রাজনৈতিক চাপ তৈরি করার পাশাপাশি ভারতকেও কূটনৈতিক সিদ্ধান্তের মুখে ফেলেছে। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পরও এখন পর্যন্ত ভারত সফর করেননি। ফলে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যেই হাসিনার প্রত্যাবর্তন ইস্যু নতুন জটিলতা তৈরি করতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.