দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জন্য রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির নবম ও শেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত নয়টি চালানে পারমাণবিক জ্বালানি আমদানির পুরো প্রক্রিয়া সম্পন্ন হলো।
শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত জ্বালানির দুটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানে ইউরেনিয়াম আমদানি করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য দুটি কার্গো বিমানে আরও ৪৮টি অ্যাসেম্বলি আনার কথা ছিল। শেষ চালান পৌঁছানোর মধ্য দিয়ে নির্ধারিত আমদানি কার্যক্রম শেষ হলো।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
এদিকে জ্বালানি আমদানি সম্পন্ন হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রমও এগিয়ে চলছে। গত ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরীক্ষা চলছে।
এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়ে প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানান, সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি কার্যক্রম শেষে রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে, যা দেশের জন্য আনন্দের।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে প্রথম ইউনিট থেকে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ সময় প্রথম ইউনিটের দায়িত্ব রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে গ্রহণ করবে।
দীর্ঘ নির্মাণকাজ, জ্বালানি আমদানি এবং ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পূর্ণাঙ্গ উৎপাদনের দিকে এগিয়ে যাচ্ছে। দুটি ইউনিট পুরোপুরি চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.