মুদি দোকান থেকে সুপারশপ: কেনাকাটায় কতটা পরিবর্তন?

এক ছাদের নিচে নিত্যপ্রয়োজনীয় পণ্য, নির্ধারিত মূল্য, পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিক কেনাকাটার অভিজ্ঞতা—সময়ের সঙ্গে বদলে যাচ্ছে বাংলাদেশের মানুষের বাজার করার অভ্যাস। একসময় পরিবারের বাজার করার জন্য সকাল সকাল বের হতে হতো। চাল, ডাল ও মসলার জন্য যেতে হতো মুদি দোকানে, মাছের জন্য মাছের বাজারে, আর শাকসবজি কিনতে যেতে হতো কাঁচাবাজারে। প্রতিটি দোকানে দরদাম করা, পণ্য বেছে নেওয়া এবং বাজারের ব্যাগ হাতে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো ছিল দৈনন্দিন জীবনের পরিচিত চিত্র। কেনাকাটা ছিল প্রয়োজনীয় একটি কাজ, তবে এর সঙ্গে জড়িয়ে ছিল সময়, পরিশ্রম ও অভ্যাসের দীর্ঘদিনের সম্পর্ক।

সময়ের পরিবর্তনে সেই চিত্রে এসেছে নতুন মাত্রা। বিশেষ করে শহরাঞ্চলে ব্যস্ত জীবনযাপন, কর্মজীবী মানুষের সংখ্যা বৃদ্ধি, নগরায়ণ এবং প্রযুক্তির ব্যবহার মানুষের কেনাকাটার ধরনে পরিবর্তন এনেছে। এখন অনেকেই একই জায়গা থেকে চাল, ডাল, মাছ, মাংস, শাকসবজি, প্রসাধনী ও গৃহস্থালির প্রয়োজনীয় পণ্য কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন যুগোপযোগী এই আধুনিক সুপারশপের বিস্তারের কারনেই।

কেনাকাটার অভ্যাসে নতুন অধ্যায়

বাংলাদেশে আধুনিক সুপারশপের যাত্রা শুরু হয় ২০০১ সালে। শুরুতে সুপারশপের ধারণাটি মূলত শহরের নির্দিষ্ট শ্রেণির ক্রেতাদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও সময়ের সঙ্গে এর পরিসর বেড়েছে। এই প্রবৃদ্ধি শুধু নতুন দোকান খোলার গল্প নয়; বরং মানুষের জীবনযাত্রা ও ভোক্তা আচরণের পরিবর্তনেরও প্রতিফলন। আগে যেখানে বাজারের তালিকা ধরে একাধিক দোকানে যেতে হতো, এখন অনেক ক্রেতা একটি সুপারশপ থেকেই সপ্তাহের বা মাসের প্রয়োজনীয় যাবতীয় কেনাকাটা সম্পন্ন করছেন।

দরদামের পরিবর্তে নির্ধারিত মূল্য

প্রচলিত মুদি দোকান ও কাঁচাবাজারের অন্যতম বৈশিষ্ট্য হলো দরদাম করার সুযোগ। ক্রেতারা পণ্যের দাম নিয়ে আলোচনা করেন, পরিচিত দোকানির কাছ থেকে বাকিতে পণ্য নেন এবং দীর্ঘদিনের সম্পর্কের ভিত্তিতে কেনাকাটা করেন। অন্যদিকে সুপারশপে পণ্যের গায়ে মূল্য উল্লেখ থাকে এবং ক্যাশ কাউন্টারে বিল পরিশোধের মাধ্যমে কেনাকাটা সম্পন্ন হয়।

এতে ক্রেতারা একই ধরনের একাধিক ব্র্যান্ডের পণ্যের মূল্য, পরিমাণ ও উপাদান তুলনা করার সুযোগ পান। পণ্যের লেবেল দেখে মেয়াদ, উৎপাদনকারী প্রতিষ্ঠান ও অন্যান্য তথ্য যাচাই করাও তুলনামূলক সহজ হয়।
বিশেষ করে নতুন প্রজন্মের ক্রেতা এবং কর্মজীবী মানুষের কাছে এই স্বচ্ছতা ও সময় সাশ্রয়ের বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পরিচ্ছন্নতা ও খাদ্য নিরাপত্তায় গুরুত্ব

কেনাকাটার ধরন পরিবর্তনের পাশাপাশি ক্রেতাদের প্রত্যাশাতেও এসেছে পরিবর্তন। এখন শুধু পণ্যের দাম নয়, পণ্যের মান, সতেজতা, সংরক্ষণ পদ্ধতি এবং কেনাকাটার পরিবেশও বিবেচনায় নিচ্ছেন অনেকে।

সুপারশপে মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য ও হিমায়িত খাবার নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণের ব্যবস্থা থাকে। ফলমূল ও শাকসবজি আলাদা স্থানে সাজানো হয়। পাশাপাশি পরিচ্ছন্ন মেঝে, গোছানো শেলফ এবং পণ্যের নির্ধারিত প্রদর্শনব্যবস্থা ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতায় ভিন্নতা তৈরি করে। তবে সুপারশপে কেনাকাটা করলেই প্রতিটি পণ্যের মান নিশ্চিত—এমনটি ভাবার সুযোগ নেই। পণ্যের মেয়াদ, প্যাকেজিংয়ের অখণ্ডতা, সংরক্ষণ পরিস্থিতি ও মান নিয়ন্ত্রণের বিষয়গুলো সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।

মুদি দোকান কি হারিয়ে যাচ্ছে?

সুপারশপের বিস্তার ঘটলেও বাংলাদেশের মানুষের কেনাকাটার চিত্রে ঐতিহ্যবাহী মুদি দোকান ও কাঁচাবাজারের গুরুত্ব এখনো অনেক বেশি। বিশেষ করে স্বল্প আয়ের পরিবার, দৈনিক মজুরিভিত্তিক পেশায় নিয়োজিত মানুষ এবং ছোট পরিসরে প্রতিদিনের বাজার করা ক্রেতাদের কাছে পাড়ার মুদি দোকান এখনো নির্ভরতার জায়গা। পরিচিত দোকানির কাছ থেকে বাকিতে পণ্য কেনা, প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে পণ্য নেওয়া এবং বাড়ির কাছেই কেনাকাটা করার সুবিধা এসব দোকানকে এখনো জনপ্রিয় রেখেছে।

অন্যদিকে সুপারশপগুলোও ক্রেতাদের এই চাহিদা বিবেচনায় নিয়ে আবাসিক এলাকায় ছোট পরিসরের আউটলেট, বিভিন্ন ধরনের পণ্য এবং হোম ডেলিভারি সেবা চালু করছে। অর্থাৎ, দুই ধরনের বিক্রয়ব্যবস্থা সচল হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে ক্রেতাদের চাহিদা পূরণ করছে। সরবরাহব্যবস্থার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহের উদ্যোগ উল্লেখযোগ্য। এর মাধ্যমে কৃষক ও ভোক্তার মধ্যে সংযোগ তৈরি এবং মানসম্মত কৃষিপণ্য সংগ্রহের সুযোগ তৈরি হচ্ছে।

প্রযুক্তিনির্ভর কেনাকাটার নতুন অভিজ্ঞতা

আধুনিক সুপারশপের আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো প্রযুক্তির ব্যবহার। বারকোড স্ক্যানিং, ডিজিটাল বিলিং, কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধ এবং অনলাইন অর্ডারের সুবিধা কেনাকাটাকে আরও সহজ করেছে। বিশেষ করে করোনা মহামারির সময় অনলাইন কেনাকাটা ও হোম ডেলিভারির জনপ্রিয়তা বাড়ে। এরপর অনেক ক্রেতা ঘরে বসেই নিত্যপ্রয়োজনীয় পণ্য অর্ডার করার অভ্যাস গড়ে তোলেন। ফলে সুপারশপের কার্যক্রম এখন শুধু দোকানের ভেতরে সীমাবদ্ধ নেই; ডিজিটাল প্ল্যাটফর্মও খুচরা বাজারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

ক্রেতার প্রত্যাশা ও প্রতিযোগিতায় নতুন মাত্রা

সুপারশপের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই খাতে প্রতিযোগিতাও বাড়ছে। ক্রেতারা এখন শুধু পণ্যের প্রাপ্যতা নয়, বরং সাশ্রয়ী মূল্য, মানসম্মত পণ্য, নিয়মিত অফার, ভালো সেবা এবং কেনাকাটার স্বাচ্ছন্দ্য প্রত্যাশা করেন। একই সঙ্গে সুপারশপগুলোর জন্য পণ্যের দাম নিয়ন্ত্রণ, সরবরাহব্যবস্থা শক্তিশালী করা এবং ক্রেতাদের আস্থা ধরে রাখা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্যস্ফীতির প্রভাব থাকায় ক্রেতারা এখন কেনাকাটার আগে দাম তুলনা ও বাজেট পরিকল্পনায় বেশি গুরুত্ব দিচ্ছেন।

সব মিলিয়ে মুদি দোকান থেকে সুপারশপে যাত্রা বাংলাদেশের মানুষের কেনাকাটার অভ্যাসে একটি উল্লেখযোগ্য পরিবর্তন। তবে এই পরিবর্তনকে পুরোনো ব্যবস্থার সম্পূর্ণ বিলুপ্তি হিসেবে দেখার সুযোগ নেই। বরং দুই ধরনের বাজারব্যবস্থাই নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে টিকে থাকছে। সময়ের সঙ্গে ক্রেতার প্রয়োজন, আর্থিক সামর্থ্য ও জীবনযাত্রার ধরন অনুযায়ী কেনাকাটার মাধ্যমও পরিবর্তিত হবে। প্রয়োজনই মানুষকে নতুন বাস্তবতায় অভ্যস্ত করে তোলে। আবার বহুকালের অভ্যাসকেও মানুষ একেবারে পরিত্যাগ করতে পারে না। তাই আজকের আধুনিক ক্রেতার কাছে ‘যখন যেটায় সুবিধা’ এই নীতি বড় হয়ে ওঠে। সুপারশপ এবং পাড়ামহল্লার কাঁচাবাজার বা মুদিখানা একে অন্যটির প্রতিদ্বন্দ্বী হয় না। বরং দুটো থেকেই সুবিধা আদায়ের সংস্কৃতি বহমান। একসময় বাজার করা ছিল দিনের একটি বড় কাজ। এখন অনেকের কাছে সেটি হয়ে উঠেছে পরিকল্পিত, সময়সাশ্রয়ী ও প্রযুক্তিনির্ভর একটি অভিজ্ঞতা। আর এই পরিবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশের খুচরা বাজার প্রবেশ করছে নতুন এক অধ্যায়ে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.