ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা খালেদ আবু নাদা নিহত হয়েছেন বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি হামাসের অর্থনীতি ও শিক্ষা বিভাগের দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের যৌথ বিবৃতিতে বলা হয়, গাজায় হামাসের একজন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পরে নেতানিয়াহু ও কাটজ জানান, ওই হামলায় সংগঠনটির অর্থনীতি ও শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত খালেদ আবু নাদা নিহত হয়েছেন।
যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ও কাটজ বলেন, সাম্প্রতিক সময়ে হামাসের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। তারা বলেন, ‘কোনো সন্ত্রাসীই নিরাপদ নয় এবং হামাসের নেতৃত্বের কোনো সদস্য পালিয়ে বাঁচতে পারবেন না। ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা শত্রুদের অনুসরণ অব্যাহত রাখব।’
তাদের দাবি, গত এক মাসে ইসরায়েলি বাহিনীর অভিযানে হামাসের প্রায় ৮০ সদস্য নিহত হয়েছেন। সংগঠনটির প্রতিটি সদস্যকে লক্ষ্যবস্তু করা এবং তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনা অব্যাহত থাকবে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, হামলায় একজন জ্যেষ্ঠ নেতাকে লক্ষ্য করা হয়েছে। তিনি নিরীহ ব্যক্তি ছিলেন না; বরং তাকে একটি হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছিল, যা প্রতিহত করা হয়েছে।
নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ এক কর্মকর্তাকে হত্যার ঘটনা ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হত্যার নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এর মাধ্যমে গাজা উপত্যকায় হামাসের প্রশাসনিক নিয়ন্ত্রণ দুর্বল করার উদ্যোগ শুরু হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হামাস বর্তমানে গাজা উপত্যকার প্রায় ৩০ শতাংশ এলাকায় নিয়ন্ত্রণ বজায় রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংগঠনটি স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্যসেবা, পয়োনিষ্কাশন, জ্বালানি, শিক্ষা ও অর্থনীতির মতো খাত পরিচালনা করে। এসব কার্যক্রম সরাসরি সংগঠনটির সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের আওতাভুক্ত নয়।
খালেদ আবু নাদাকে হত্যার ঘোষণা এমন এক সময়ে এল, যখন চলতি সপ্তাহেই গাজায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার দুই শীর্ষ কর্মকর্তাকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েল।
বুধবার সকালে ইসরায়েলি সামরিক সূত্র নিশ্চিত করে, গাজা সিটির নিজ বাড়িতে ইসরায়েলি হামলায় উত্তর গাজায় হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার প্রধান মুহাম্মদ মাজেদ আবু আল-আউফ নিহত হয়েছেন। ওই হামলায় তার স্ত্রী ও সন্তানরাও নিহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়।
এর এক দিন আগে নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী কাটজ নিশ্চিত করেন, ইসরায়েলি বাহিনী ও শিন বেতের অভিযানে হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার সাবেক প্রধান নাঈম আবু নাহেল নিহত হয়েছেন।
নাঈম আবু নাহেলের মৃত্যুর এক সপ্তাহ আগে দক্ষিণ গাজার রাফাহ এলাকায় বিমান হামলায় হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির মাহমুদ হাসান আবু ইউনিস নিহত হওয়ার কথা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ২০১৪ সাল থেকে হামাসের হাতে আটক থাকা ইসরায়েলি সেনা অরন শাউলের মরদেহের অবস্থান সম্পর্কে অবগত হামাসের জ্যেষ্ঠ নেতাদের ঘনিষ্ঠ বৃত্তের সদস্য ছিলেন নাঈম আবু নাহেল। ২০২৫ সালের জানুয়ারিতে তার মরদেহ উদ্ধার করা হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.