শেখ হাসিনার বাংলাদেশে যেতে চাওয়া প্রত্যপর্ণ চুক্তির বাইরের বিষয়: জয়সওয়াল

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে চাওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার বাংলাদেশে যাওয়ার বিষয়টি তার ও বাংলাদেশ সরকারের বিষয়। এ ছাড়া শেখ হাসিনার বাংলাদেশে যেতে চাওয়ার বিষয়টি প্রত্যপর্ণ চুক্তির বাইরের বিষয় বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব উত্তর দেন।

মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে একজন সাংবাদিক জানতে চান, শেখ হাসিনাকে বাংলাদেশ যে প্রত্যপর্ণ চেয়েছে, সেই বিষয়ে কোনো আপডেট আছে কিনা?

জবাবে তিনি বলেন, প্রত্যপর্ণ ইস্যুতে আমি আগে যেমনটা বলেছিলাম, বাংলাদেশ থেকে যে অনুরোধ এসেছে, সেটা আমাদের বর্তমানে প্রচলিত নিয়মকানুনের সাথে মিলিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। কোনো ক্ষেত্রে কোনো নাগরিক যদি স্বইচ্ছায় ট্রাভেল ডকুমেন্ট নিয়ে নিজ দেশে ফেরত যেতে চান, সেটা প্রত্যপর্ণ চুক্তিতে থাকা অনুরোধের বাইরের বিষয়।

আরেকজনের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনার বাংলাদেশে যাওয়ার বিষয়টি সাবেক প্রধানমন্ত্রীর এবং বাংলাদেশ সরকারের বিষয়।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে নড়াইলের মতো কিছু এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, সেই বিষয়ে ভারতের অবস্থান কি? সেই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বলেছেন, এসব বিষয় সেখানে সমস্যা তৈরি করছে। তিনি প্রধানমন্ত্রীকে এই বিষয়ে জানিয়েছেন। এ নিয়ে বাংলাদেশের সাথে কি ভারতের কোনো কথাবার্তা হচ্ছে?

জবাবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে যেসব সংখ্যালঘুদের ওপর সহিংসতার ঘটনা ঘটছে, তাতে অবশ্যই আমরা উদ্বিগ্ন। এসব ঘটনা যথাযথভাবে তদন্ত করে অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাই।

আরেকজন সাংবাদিক জানতে চান, গঙ্গা পানি চুক্তি ইস্যুতে যৌথ নদী কমিশনের আওতায় সর্বশেষ বৈঠক হয়েছে ঢাকায়। সেটাই শেষ বৈঠক বলে আমাদের জানানো হয়েছে। তাহলে এই পানি চুক্তির ভবিষ্যৎ কি?

মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা করার একটি প্রচলিত কাঠামো রয়েছে। আমাদের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে, যারা আন্তঃসীমান্ত সব নদী নিয়ে কাজ করে, যার মধ্যে গঙ্গাও রয়েছে।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, সম্প্রতি ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, টন টন বিস্ফোরক ও অন্যান্য অস্ত্র নিয়ে বাংলাদেশের মোংলা বন্দরগামী একটি জাহাজ তারা আটক করেছে। এসব বিস্ফোরক কাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল? ভারতের সরকার কি এই বিষয়ে কিছু জানে?

এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাও এই ধরনের কিছু প্রতিবেদন দেখেছি। এক্ষেত্রে আমাদের স্বার্থের বিষয় বিবেচনায় রেখে আমরা পুরো ঘটনার দিকে নজর রাখছি এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থাও নেওয়া হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.