বার্ষিক সংস্কারকাজের জন্য আজ বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট সক্ষমতার একটি ইউনিট বন্ধ হচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে ইউনিটটি আবারও উৎপাদনে ফিরবে। ফলে প্রায় ২৫ দিন কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতার অর্ধেক বন্ধ থাকবে।
আদানি পাওয়ারের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বার্ষিক সংস্কারকাজের পরিকল্পনাটি আগে থেকেই নির্ধারিত সূচি অনুযায়ী নেওয়া হয়েছে। গোড্ডা বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটে মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এর একটি ইউনিট বন্ধ থাকলেও অপর ৮০০ মেগাওয়াট সক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে।
কেন্দ্রটি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আদানি পাওয়ার। এ কারণে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছ থেকে সংস্কারকাজের জন্য সময় নিয়েছিল প্রতিষ্ঠানটি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই সময় আদানি পাওয়ার বাংলাদেশে ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছিল।
বিদ্যুৎ খাতসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শীত মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকে। তাই আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকলেও দেশে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা নেই। তবে চাহিদা বেড়ে গেলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন তারা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.