ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের পোশাকশিল্প এলাকা। বুধবার (২৫ নভেম্বর) শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।
বেলা সাড়ে ১১টার দিকে সালনা এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। একই সময়ে মালেকের বাড়ি এলাকাতেও শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মজুরি বোর্ড নতুন বেতন কাঠামো ঘোষণার পর বুধবার সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেন।
একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছোড়ে। সংঘর্ষে পুলিশ ও আনসারের ১০ সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সংঘর্ষের প্রভাবে সালনা থেকে গাজীপুর নগরীর বোর্ডবাজার পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশের পাশাপাশি এসআরবি ও আনসার সদস্যরা কাজ করছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, নাওজোড় ও মালেকের বাড়ি এলাকায় বিশৃঙ্খলা চলছে। এসব এলাকার বেশির ভাগ পোশাক কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.