হরমুজ প্রণালিতে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উত্তেজনার মধ্যে ফের দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর দাবি, সামুদ্রিক মাইনের আঘাতে ট্যাংকার দুটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। বুধবার (২৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইআরজিসি নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, ট্যাংকার দুটি নিজেদের নেভিগেশন ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখে অননুমোদিত একটি রুট দিয়ে গোপনে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় সেগুলো সামুদ্রিক মাইনের আঘাতে বিস্ফোরিত হয়।
এক বিবৃতিতে হরমুজ প্রণালির ট্রাফিক কন্ট্রোল সেন্টার সব জাহাজের নাবিকদের নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে চলাচলের বিষয়ে সতর্ক করেছে। একই সঙ্গে সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষের দেওয়া কোনো বিবৃতি জাহাজগুলোকে সামুদ্রিক মাইনের ঝুঁকি থেকে রক্ষা করতে পারবে না।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সময়ে একাধিক তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ইরানি বাহিনী শুরু থেকেই তাদের নির্ধারিত নৌপথ অনুসরণ না করা এবং সামুদ্রিক চলাচলের নির্দেশনা অমান্য করার বিষয়ে জাহাজ কোম্পানিগুলোকে সতর্ক করে আসছে।
তবে ট্যাংকার দুটির নাম, পতাকাবাহী দেশ, হতাহতের সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মাইন বিস্ফোরণের বিষয়ে আইআরজিসির দাবিও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
সূত্র:আল জাজিরা, আনাদোলু এজেন্সি



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.