পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেডের মালিকানা বদল হচ্ছে। কোম্পানির পরিচালক ও উদ্যোক্তারা তাদের ধারণকৃত সব শেয়ার বিক্রি করে দিচ্ছেন, যার সংখ্যা প্রায় ৯০ লাখ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত সাফকো স্পিনিংয়ের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে শেয়ার ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সাফকো স্পিনিং মিলস লিমিটেডের পরিচালক ও উদ্যোক্তারা ৮৯ লাখ ৯৪ হাজার ৯০৩ টি শেয়ার বিক্রি করবেন। এসব শেয়ারের ক্রেতারা হচ্ছেন-ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ,নাজিফা রায়সা আহমেদ, তাসমিনা আহমেদ ও আবরার সৈয়দ আহমেদ।
স্টক এক্সচেঞ্জের বাইরে দরকষাকষির মাধ্যমে নির্ধারিত মূল্যে এসব শেয়ার বিক্রি করা হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমোদন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের বাইলজ পরিপালন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সাফকো স্পিনিং মিলস ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৯ কোটি ৯৮ লাখ টাকা। এর শেয়ার সংখ্যা ২ কোটি ৯৯ লাখ ৮১ হাজার ৭১৬টি। মোট শেয়ারের ৩০ শতাংশ কোম্পানির উদ্যোক্তারা ধারণ করছেন। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ধারণ করছে ৩.৮৬ শতাংশ শেয়ার। বাকী ৬৬.১৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।
জেড ক্যাটাগরিতে অবস্থিত কোম্পানিটি গত তিন বছর ধরে টানা লোকসান দিয়ে আসছে। সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি ৭ টাকা ৫২ পয়সা লোকসান দিয়েছে, আগের দুই বছরে লোকসান ছিল যথাক্রমে ১২ টাকা ৯৭ পয়সা ও ৫ টাকা ৫২ পয়সা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.