কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং বলেছেন, প্রতিষ্ঠানটির নেতৃত্বে উত্তরসূরি নির্ধারণের জন্য আলাদা কোনো পরিকল্পনার প্রয়োজন নেই। তার দাবি, এনভিডিয়ার নেতৃত্ব কাঠামো প্রচলিত প্রতিষ্ঠানের চেয়ে ভিন্ন এবং সেখানে বিভিন্ন বিভাগ পরিচালনার জন্য একাধিক যোগ্য নেতা রয়েছেন।
সোমবার পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে সিইও পদে পুনর্বহাল হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো কর্মীদের সঙ্গে বৈঠক করেন হুয়াং। বৈঠকে তিনি নিজের আগের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন এবং কর্মীদের হতাশ করার কথা স্বীকার করেন।
বৈঠকে উপস্থিত একাধিক ব্যক্তির বরাতে জানা গেছে, হুয়াং কর্মীদের বলেন, তিনি তাদের হতাশ করেছেন। দ্বিতীয়বার দায়িত্ব পালনের সুযোগ পেয়ে এবার আরও ভালো করার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় তিনি বলেন, ‘আমি তোমাদের সবাইকে কষ্ট দিয়েছি।’
প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও কথা বলেন হুয়াং। তিনি জানান, এনভিডিয়ায় এমন একটি দল গড়ে উঠেছে, যেখানে প্রচলিত প্রতিষ্ঠানের মতো উত্তরসূরি পরিকল্পনার প্রয়োজন হয় না। প্রতিষ্ঠানের বিভিন্ন অংশ পরিচালনার জন্য একাধিক সক্ষম নেতা রয়েছেন। তার মতে, আলাদা করে উত্তরসূরি নির্ধারণের পরিকল্পনা তৈরি করলে অপ্রয়োজনীয় প্রশাসনিক স্তর তৈরি হতে পারে।
গত ১২ নভেম্বর হুয়াং পদত্যাগ করার পর এনভিডিয়ার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বিনিয়োগকারী ও বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। এর ১১ দিন পর সোমবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তাকে আবারও সিইও পদে ফিরিয়ে আনে।
ব্যক্তিগত আচরণসংক্রান্ত একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে হুয়াং পদত্যাগ করেছিলেন। এসব অভিযোগের মধ্যে চীনের এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কের বিষয়টিও ছিল। ওই নারীকে বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়েছিল। তবে এ অভিযোগের বিষয়ে প্রতিবেদনে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য দেওয়া হয়নি।
এনভিডিয়ার নবনিযুক্ত পরিচালনা পর্ষদ সভাপতি হার্ভে জোনস গত সপ্তাহে জানিয়েছিলেন, প্রতিষ্ঠানের আচরণবিধি, মানদণ্ড ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে অসংগতিপূর্ণ ব্যক্তিগত আচরণের তথ্য প্রকাশের পর হুয়াং পদত্যাগ করেছিলেন।
মঙ্গলবারের বৈঠকের শুরুতে অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করায় প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেসকে ধন্যবাদ জানান হুয়াং। তিনি কর্মীদের বলেন, সেদিনের বৈঠকটি তার জীবনের দ্বিতীয় কঠিনতম বৈঠক। প্রথমটি ছিল স্ত্রীর সঙ্গে। এ ছাড়া তিনি থেরাপি নিচ্ছেন বলেও বৈঠকে জানান।
সোমবার হুয়াংকে পুনর্বহালের ঘোষণা দিয়ে দেওয়া এক বিবৃতিতে এনভিডিয়া জানায়, সিইওকে ঘিরে জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে পরিচালনা পর্ষদ যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের মতামত নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক সাক্ষাৎকারে বলেন, হুয়াংকে পুনরায় দায়িত্বে ফেরাতে তিনি পরিচালনা পর্ষদকে আশ্বাস দিয়েছেন এবং এ বিষয়ে সমঝোতা করেছেন।
২০০৮ সালের পর শেয়ারবাজারে এনভিডিয়ার সবচেয়ে খারাপ সপ্তাহ পার হওয়ার পর হুয়াংয়ের প্রত্যাবর্তনের ঘোষণা আসে। ওই ঘোষণার দিন প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি বেড়েছিল। তবে মঙ্গলবার শেয়ারের দর আবার কমেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.