সিলেটের আবাসিক হোটেল সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেপ্তার ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর জল্লার পাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন বদির সহযোগী ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন। তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গ্র্যান্ড প্যালেস হোটেলটি ঘিরে ফেলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে আওয়ামী লীগের কার্যক্রমে নিষিদ্ধ দলের লোকজন অবস্থান করছেন—এমন তথ্য পাওয়ার পর অভিযান শুরু করে পুলিশ।

প্রায় পাঁচ ঘণ্টা হোটেলটি ঘিরে রাখার পর ভোরের দিকে সেখানে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে চারজনের পরিচয় নিশ্চিত হলে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৬ জনের একটি দল সেখানে ওঠে।

অভিযান শেষে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতেই হোটেলটি ঘেরাও করে তল্লাশি চালানো হয়েছে। চারজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। তবে তারা কী কারণে সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.