পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের ক্ষেত্রে নতুন শর্ত নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব কোম্পানি ৫ শতাংশের কম নগদ লভ্যাংশ ঘোষণা করবে, সেসব কোম্পানি ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের অনুমতি পাবে না। তবে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো এ সুবিধা পাবে। পাশাপাশি অন্য ক্যাটাগরির কোম্পানিগুলোও অন্তত ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলে ডিজিটাল মাধ্যমে এজিএম করতে পারবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিএসইসির ১ হাজার ৪০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে বিএসইসির সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো কোম্পানি সংশ্লিষ্ট বছরে ‘এ’ ক্যাটাগরিতে থাকলে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে পারবে। অন্যদিকে, ‘এ’ ক্যাটাগরির বাইরে থাকা কোনো কোম্পানি সংশ্লিষ্ট বছরের জন্য অন্তত ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলেও এ সুবিধা পাবে।
অর্থাৎ, ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের অনুমতি পেতে কোম্পানিগুলোকে দুটি শর্তের যেকোনো একটি পূরণ করতে হবে। প্রথমত, সংশ্লিষ্ট বছরে ‘এ’ ক্যাটাগরিতে থাকতে হবে। দ্বিতীয়ত, অন্য ক্যাটাগরিতে থাকলে ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করতে হবে।
বিএসইসি জানিয়েছে, কমিশনের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। ফলে নতুন শর্ত পূরণ করতে না পারা কোম্পানিগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজনের সুযোগ পাবে না।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.