আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারকে রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে দোষী সাব্যস্ত করার পর যুক্তরাজ্য দেশটির পাঁচজন শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মিয়ানমারই প্রথম কোনো রাষ্ট্র, যেটিকে গণহত্যার মতো অপরাধের জন্য দোষী সাব্যস্ত করেছে আইসিজে। খবর বিবিসির
যে সামরিক শীর্ষ সামরিক নেতাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, তারা হলেন- মিও হ্তুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ।
২০১৭ সালে মিয়ানমারে সামরিক অভিযানের সময় হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। এ সময় বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে বসবাসরত সাত লাখেরও বেশি মানুষ দেশ ছাড়তে বাধ্য হন। যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডার মতো আরও কয়েকটি দেশ আইসিজের এই রায়কে স্বীকৃতি দিয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, গণহত্যার মতো অত্যন্ত মর্মান্তিক অপরাধের ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া অবশ্যই আমাদের মূল্যবোধের প্রতিফলন হতে হবে এবং এর বিপরীতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের ওপর যুক্তরাজ্য ২০২১ সালে নিষেধাজ্ঞা আরোপ করে। তিনি ২০১৭ সালের গণহত্যার সময় সামরিক বাহিনীর প্রধান ছিলেন। তাই সে সময় সংঘটিত অনেক নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী।
তিনি বলেন, ‘মিয়ানমারকে অবশ্যই চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে, অপরাধীদের তদন্তের আওতায় এনে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে যেন এমন নৃশংসতা আর না ঘটে, তা রোধ করতে হবে।’
মিয়ানমারের জান্তা সরকারের উদ্দেশে মিলিব্যান্ড আরও বলেন, মানবিক সহায়তা পৌঁছানোর সুবিধার্থে অবিলম্বে সংঘাত বন্ধ করতে হবে, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা থামাতে হবে, রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে হবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনার পথ প্রশস্ত করতে হবে। মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধের জন্য নতুন আইন পাস করা হবে।
গত সপ্তাহে ২০১৭ সালের নৃশংস সামরিক অভিযানের সময় মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আইসিজে রায় দেওয়ার পর, তিনি দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেছিলেন।
সোমবার এড মিলিব্যান্ড পার্লামেন্ট সদস্যদের জানান, যুক্তরাজ্য এই সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে এবং আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছে, তাদের কাছে থাকা সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২০১৭ মিয়ানমারের ওই অভিযানের বিষয়ে ‘গণহত্যার উদ্দেশ্য’ ছাড়া অন্য কোনো যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচারকদের নিয়ে গঠিত প্যানেলে নয় বনাম ছয় ভোটের সংখ্যাগরিষ্ঠতায় এই রায় দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আরও বলেছে, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদের অন্যান্য কয়েকটি ধারাও লঙ্ঘন করেছে।
গত সপ্তাহের রায়ে আদালত উল্লেখ করেছে, বাংলাদেশ ও বঙ্গোপসাগরের সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে অভিযান চালানোর সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। মিয়ানমার তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, পুরো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং নারী ও কিশোরীরা ধর্ষণের শিকার হয়েছেন।
মিলিব্যান্ড জানান, ১২ লাখেরও বেশি শরণার্থী পালিয়েছে এবং বাংলাদেশ তাদের সহায়তা দিচ্ছে।
গণহত্যার সময় মিয়ানমারের নেতৃত্বে থাকা অং সান সু চিকে ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.