মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ৭ হাজার কোটি টাকার বেশি নিট আমানত প্রবৃদ্ধির মাইলফলক অর্জন করেছে। গ্রাহকদের আস্থা, ধারাবাহিক ব্যবসায়িক অগ্রগতি এবং শাখাভিত্তিক কার্যক্রমের শক্তিশালী ভূমিকার ফলে এ সাফল্য এসেছে বলে জানিয়েছে ব্যাংকটি।
এ অর্জন উপলক্ষে গত রোববার (২২ নভেম্বর) ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা (সিবিও) চৌধুরী আখতার আসিফ এবং উপব্যবস্থাপনা পরিচালক ও শাখা ব্যাংকিং বিভাগের প্রধান এ কে এম তারেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. বখতিয়ার হোসেন, মো. শামসুল ইসলাম, উসমান রাশেদ মুঈন ও মো. শাফকাত হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ মাইলফলক প্রসঙ্গে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ৭ হাজার কোটি টাকার বেশি নিট আমানত প্রবৃদ্ধি অর্জন এমটিবির প্রতি গ্রাহকদের অবিচল আস্থা এবং ব্যাংকের শাখা ও ব্যবসায়িক দলের সম্মিলিত পরিশ্রমের প্রতিফলন। তিনি গ্রাহক, নিয়ন্ত্রণকারী সংস্থা ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভবিষ্যতেও গ্রাহকবান্ধব ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.