সুশাসন ও জনআস্থা ফেরাতে ব্যাংক খাতে চার বছর মেয়াদি সংস্কার কর্মসূচি

দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ঋণের চাপ ও আর্থিক দুর্বলতা কাটিয়ে দেশের ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চার বছর মেয়াদি সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ পরিকল্পনার মূল লক্ষ্য ব্যাংকগুলোর আর্থিক ভিত্তি শক্তিশালী করা, সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করা।

মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সংস্কার কর্মসূচির অংশ হিসেবে দুর্বল ব্যাংকগুলোর সম্পদের প্রকৃত অবস্থা যাচাই, প্রয়োজনীয় মূলধন সরবরাহ, পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং খেলাপি ঋণ পুনরুদ্ধারে একযোগে কাজ চলছে।

ব্যাংকগুলোর আর্থিক অবস্থার প্রকৃত চিত্র বের করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে সম্পদমান পর্যালোচনা (এ-কিউআর) করা হচ্ছে। বিশেষ করে সংকটাপন্ন ব্যাংকগুলোর ক্ষেত্রে এই পর্যালোচনার কাজ প্রায় শেষ হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে জমে থাকা অনিয়ম, ঋণ ব্যবস্থাপনার দুর্বলতা এবং সম্পদের মান কমে যাওয়ার বিষয়গুলো সামনে এসেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এ পর্যালোচনার ফলে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে অবনতি বা পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কর্মকাণ্ডের কারণে তৈরি হয়নি। বরং দীর্ঘদিনের অনিয়ম ও আর্থিক দুর্বলতা পর্যালোচনার মাধ্যমে প্রকাশ পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, চলমান সংস্কার উদ্যোগের ফলে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

এদিকে সাময়িক তারল্য সংকটে পড়া ব্যাংকগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে জরুরি তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হয়েছে। পাশাপাশি আমানতকারীদের স্বার্থ রক্ষায় এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও যোগ্য পরিচালক নিয়োগ এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দুর্বল ব্যাংকগুলোর ঘুরে দাঁড়ানোর জন্য আলাদাভাবে পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনাও তৈরি করা হয়েছে। এসব পরিকল্পনায় মূলধন বাড়ানো, আর্থিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্বিন্যাস, করপোরেট সুশাসন নিশ্চিত করা এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয় রাখা হয়েছে। আগামী চার বছরে ধাপে ধাপে এসব পরিকল্পনা কার্যকর করা হবে। সংস্কার পরিকল্পনায় আমানতকারীদের সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন, খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ, ঋণ বিতরণে শৃঙ্খলা এবং ঝুঁকি ব্যবস্থাপনার মান উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি আর্থিক খাতের নীতি ও কাঠামোগত দুর্বলতা দূর করার উদ্যোগ নেওয়া হবে। পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বর্তমানে চালু থাকা জরুরি সহায়তা ব্যবস্থাগুলোও পর্যায়ক্রমে স্বাভাবিক করা হবে।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, পরিকল্পিত সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হলে ব্যাংকিং খাতে স্বচ্ছতা, স্থিতিশীলতা ও জবাবদিহি বাড়বে। এর ফলে আর্থিক প্রতিষ্ঠানের ওপর মানুষের আস্থা ফিরে আসবে এবং দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত সংস্কার, কঠোর তদারকি, সুশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের স্বার্থ রক্ষা, ব্যাংকিং কার্যক্রম সচল রাখা এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখাই তাদের প্রধান অগ্রাধিকার। এ ছাড়া গুজব বা যাচাইবিহীন তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে ব্যাংকিং খাতের পরিস্থিতি সম্পর্কে জানতে বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা ও নির্ভরযোগ্য তথ্যসূত্র অনুসরণের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.