শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ‘ব্লাফ’ বললেন তথ্য উপদেষ্টা

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার বিষয়ে শেখ হাসিনার ঘোষণাকে রাজনৈতিক ‘ব্লাফ’ বা প্রতারণা হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের আলোচনা হবে ভারতের সঙ্গে, কোনো অপরাধীর সঙ্গে নয়। এ ছাড়া ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

ব্রিফিংয়ে রাষ্ট্রীয় বিমান সংস্থার উড়োজাহাজে শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা নিয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশের বিমানে আসতে চান। ভাগ্যিস বলেননি, তিনি প্রধানমন্ত্রী হয়ে ফিরতে চান!

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, এটি রাজনৈতিক ‘ব্লাফ’ বা প্রতারণা ছাড়া কিছু নয়। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি না, সে বিষয়ে আলোচনা হবে ভারতের সঙ্গে। কোনো অপরাধীর সঙ্গে আলোচনা হবে না। সরকার এখন ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চায়।

চলতি নভেম্বর মাসে সারা দেশে ঘটে যাওয়া নাশকতার পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, এ সময়ে ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে ১২১টি, পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ৯৯টি। সহিংসতায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এসব ঘটনায় মামলা হয়েছে ৬২টি। এ ছাড়া পুলিশের ওপর চারটি হামলার ঘটনা ঘটেছে। থানায় হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে রয়েছেন উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, অনুপ্রবেশের মাধ্যমে তারা যাতে দেশে এসে বিচারের আওতায় আসতে না পারেন, সে জন্য সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নড়াইলের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এ নিয়ে ভারতে অপপ্রচার চালানো হচ্ছে, যা দুই দেশের সম্পর্কের অবনতি ঘটায়। ভারতকে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি নড়াইলে আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে ফৌজদারি অপরাধ হিসেবে উল্লেখ করেন উপদেষ্টা।

সাঈদ খোকনের আইনজীবীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, যা হয়েছে তা ঠিক হয়নি। যে কেউ আইনজীবী নিয়োগ করে বিচার চাইতে পারেন। এ ধরনের ঘটনা অন্যায় এবং সরকার তা সমর্থন করে না।

ড. মুহাম্মদ ইউনূসের দাবির বরাত দিয়ে তথ্য উপদেষ্টা জানান, গ্রামীণ ব্যাংকের ১০০টি স্থাপনায় হামলা হয়েছে এবং গোপালগঞ্জের একটি হাসপাতালে আগুন দেওয়া হয়েছে, যা যুদ্ধের সময়ও ঘটে না।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.