শেখ হাসিনাকে ফেরাতে এয়ারক্রাফট চাওয়া হাস্যকর: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট পাঠানোর দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, একজন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে নজিরবিহীন। এ ধরনের দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট চাওয়ার যে বক্তব্য দেওয়া হয়েছে, তা উন্মাদনা ছাড়া আর কিছু নয়। একজন পলাতক আসামির হয়ে অন্য কারও এ ধরনের দাবি তোলার ঘটনা বিশ্বে বিরল বলেও মন্তব্য করেন তিনি।

বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের তৎপরতা প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের বাইরে তারা কোনো কর্মকাণ্ড চালালে তা বন্ধ করার ক্ষেত্রে কূটনৈতিক যোগাযোগের মাধ্যমেই এগোতে হয়। বিভিন্ন দেশে তাদের তৎপরতার বিষয়গুলো গণমাধ্যমের মাধ্যমে নজরে আসছে বলেও জানান তিনি।

তিনি বলেন, পলাতক নেতাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের সদস্যরা নিজেদের সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও খুনি হিসেবে বিশ্বের সামনে তুলে ধরছেন। এসব আসামিকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।

আওয়ামী লীগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে দলটি যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের প্রমাণ করে, তাহলে বিচারের মাধ্যমে সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকার ও ট্রাইব্যুনালের সামনে বাধ্যবাধকতা তৈরি হতে পারে।

তিনি জানান, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে বর্তমানে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

এদিকে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্কের শুনানি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে বলে জানান আমিনুল ইসলাম। দেশের অন্যান্য টেলিভিশন চ্যানেলও এ শুনানি সম্প্রচার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জিয়াউল আহসানের বিরুদ্ধে থাকা মানবতাবিরোধী অপরাধের অভিযোগকে অত্যন্ত গুরুতর উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, এ ধরনের অপরাধ শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব ইতিহাসেও বিরল। রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তসহ অন্যান্য আনুষঙ্গিক সাজাও চাওয়া হবে বলে জানান তিনি।

এদিন জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শুনতে ট্রাইব্যুনালে উপস্থিত হন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাদের সঙ্গে ছিলেন ‘মায়ের ডাক’-এর সানজিদা ইসলাম তুলি।

তিনি বলেন, এক যুগেরও বেশি সময় ধরে গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা ন্যায়বিচারের দাবিতে লড়াই করে আসছেন। দীর্ঘ অপেক্ষার পর তারা যুক্তিতর্কের শুনানি দেখতে ট্রাইব্যুনালে এসেছেন।

সানজিদা ইসলাম তুলি আরও বলেন, গুম কমিশনের তথ্য অনুযায়ী ১ হাজার ৮০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে আড়াই শতাধিক মানুষ এখনও ফিরে আসেননি। গুমের শিকার ব্যক্তিদের গোপন বন্দিশালায় কীভাবে নির্যাতন করা হয়েছে এবং তাদের শেষ পরিণতি কী হয়েছিল—প্রতিটি ঘটনার সত্য উদঘাটনের পাশাপাশি সব গুমের বিচার চান তারা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.