দুই দিনের সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশে নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো কোনো দেশের সরকারপ্রধান দ্বিপক্ষীয় সফরে আসছেন। আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার এ সফরকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন আনোয়ার ইব্রাহিম। এ ছাড়া তিনি বেশ কয়েকটি কর্মসূচিতেও অংশ নেবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে গত জুনে মালয়েশিয়া গিয়েছিলেন তারেক রহমান। ওই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তারেক রহমানের মালয়েশিয়া সফরের সময় দুই দেশের মধ্যে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল, সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে আনোয়ার ইব্রাহিমের এবারের সফরে। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হবে।

সফরে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের সুযোগ এবং দেশটিতে কর্মরত বাংলাদেশিদের সুযোগ-সুবিধার বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে। এর পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয় নিয়ে দুই প্রধানমন্ত্রীর আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.