এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগ পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্বনির্ধারিত নিয়মে ভর্তি পরীক্ষা নিতে আর কোনো আইনি বাধা থাকছে না।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের করা আপিল আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রিটকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুল কাইয়ুম ও ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।
এর আগে গত ১৮ নভেম্বর হাইকোর্ট এক আদেশে বলেছিলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না।
ওই আদেশের বিরুদ্ধে গত ১৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় আপিল বিভাগের চেম্বার জজ আদালতের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে। তবে প্রাথমিক শুনানিতে হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন মঞ্জুর না করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। পরে সোমবার শুনানির দিন নির্ধারণ করেন চেম্বার জজ বিচারপতি মো. রেজাউল হক। আপিল বিভাগের সর্বশেষ আদেশের ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজন নিয়ে তৈরি হওয়া আইনি অনিশ্চয়তা কেটে গেল।
এদিকে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর শুরু হয়ে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলার কথা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি ২০২৭, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০ থেকে ২১ জানুয়ারি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮, ৯ ও ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.