শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুসহ ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে নিরাপত্তার কারণে এ মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ভার্চুয়ালি বিচারিক কার্যক্রমে অংশ নেবেন।
এদিন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আসামিদের অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে করা আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
ইনু ছাড়াও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এ মামলায় মোট আসামির সংখ্যা ৪১। এর আগে গত ১৬ নভেম্বর পলাতক সাত আসামির পক্ষে অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে শুনানি করেন স্টেট ডিফেন্সের আইনজীবী আমির হোসেন। অন্যদিকে, গ্রেপ্তার ১১ আসামির পক্ষে সময় চাওয়া হলে শুনানির পরবর্তী তারিখ হিসেবে ২৩ নভেম্বর নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
গত ১২ নভেম্বর ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। শুনানির সময় তিনি আসামিদের বিরুদ্ধে আনা পৃথক অভিযোগগুলো পড়ে শোনান। পাশাপাশি মামলার পটভূমি এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় তুলে ধরেন। শেখ হাসিনা কীভাবে স্বৈরশাসকে পরিণত হন, সে বিষয়েও বক্তব্য দেন তিনি।
এর আগে গত ২৭ জুলাই প্রসিকিউশনের দাখিল করা ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। একই আদেশে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং কারাগারে থাকা আসামিদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তী সময়ে ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদের স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় খোঁজ করেও পাওয়া যায়নি বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেওয়া হয়। পরে ১৬ সেপ্টেম্বর আত্মসমর্পণ না করায় ওই ৩০ জনকে পলাতক ঘোষণা করে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন আদালত।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, মামলায় দুটি পৃথক হত্যাকাণ্ডের ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার কথা বলা হয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.