ইন্দোনেশিয়ায় কারখানায় আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬

ইন্দোনেশিয়ার একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো ৩৬ জন নিখোঁজ রয়েছেন। আগুন থেকে অন্তত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

রোববার (২২ নভেম্বর) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা-সংলগ্ন বানতেন প্রদেশের ফনুসা আগুং মুলিয়া কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

কারখানাটির এক প্রতিনিধি জানান, আগুন লাগার সময় সেখানে প্রায় ৩০০ শ্রমিক ছিলেন। শুরুতে ৫৪ জন নিখোঁজ থাকার কথা জানানো হলেও পরে ১৫ জনকে উদ্ধার করা হয়। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এক বিবৃতিতে জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

উদ্ধার কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, কারখানার কয়েকটি স্থানে এখনো আগুন জ্বলছে। অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নেভানোর পাশাপাশি ভবন ঠান্ডা করার কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, আগুন লাগার ১২ ঘণ্টারও বেশি সময় পরও সেরাং জেলা ও বানতেন প্রদেশের ফায়ার সার্ভিস কর্মীরা কারখানার বিভিন্ন অংশে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন।

উদ্ধারকর্মীদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও ইন্দোনেশিয়ার রেড ক্রিসেন্টের সদস্যরা কারখানার বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন। বিশেষ করে যেসব স্থানে হতাহত ব্যক্তিরা আটকে থাকতে পারেন, সেসব এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে স্থানীয় টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কারখানার বাইরে নিখোঁজ শ্রমিকদের স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে ।কারখানাটিতে মিল্কিতা নামে পরিচিত দুধজাত খাবার ও মিষ্টি তৈরি করা হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় একাধিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরে রাজধানী জাকার্তার একটি অফিস ভবনে আগুন লেগে অন্তত ২২ জন নিহত হন। এ ছাড়া ২০২৩ সালে দেশটির একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.