নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের বায়েলসা রাজ্যে শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) দেশটির জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে জানান, শুক্রবার (২০ নভেম্বর) বায়েলসা রাজ্যের একটি এলাকা থেকে অন্য এলাকায় শেষকৃত্যে অংশ নিতে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পর থেকে নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

এর আগে পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানিয়েছিলেন, দুর্ঘটনায় ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

পুলিশের মুখপাত্র জানান, প্রাথমিক তদন্তে নৌকাটিতে যান্ত্রিক ত্রুটির বিষয়টি উঠে এসেছে। যাত্রীরা চালককে নৌকাটি তীরের দিকে নেওয়ার অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও নৌযানটির ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার পর নৌযান চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বায়েলসা রাজ্য সরকার। শনিবার এক বিবৃতিতে রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতিতে নৌযান চালানো এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণের মতো অনিয়ম বন্ধ করতে হবে। কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয় বলেও মন্তব্য করেন তিনি।

নাইজেরিয়ায় নৌদুর্ঘটনা নতুন নয়। নিরাপত্তাবিধির যথাযথ প্রয়োগ ও তদারকির অভাবে দেশটির বিভিন্ন নদীপথে প্রায়ই ত্রুটিপূর্ণ নৌযান চলাচল করে। অনেক ক্ষেত্রে যাত্রীরা লাইফ জ্যাকেট ছাড়াই এসব নৌযানে যাতায়াত করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.